মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ণ
মওলানা ভাসানীর মার্কা চুরি হয়ে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: মওলানা ভাসানী এ দেশের কৃষি ব্যবস্থার কথা চিন্তা করে কৃষকনির্ভর রাজনীতির সূচনা করেছিলেন এবং একটি প্রতীক নির্ধারণ করেছিলেন, যা বর্তমানে চুরি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১৩ মে) বিকালে এনসিপির কৃষি সেল আয়োজিত ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভাসানী এখন কেবল নামেই আছেন, তার আদর্শ ও প্রতীক ছিনতাই করা হয়েছে। তিনি কটাক্ষ করে বলেন, "ধান প্রতীক এখন ক্ষমতায় থাকলেও বাস্তব যে ধান, তা আজ অরক্ষিত এবং পানির নিচে তলিয়ে গেছে"। তিনি আরও অভিযোগ করেন যে, ধানের প্রতীক এখন বগুড়া থেকে বিচ্যুত হয়ে গুলশানে চলে এসেছে এবং বর্তমানে ধানকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যবসায়ী সিন্ডিকেটকে তোষণ করা হচ্ছে।

নিজের সীমান্ত পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, গতকাল সীমান্তে যাওয়ার সময় পুলিশ তাকে বাধা দিয়েছে, যা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে লজ্জাজনক। তিনি অভিযোগ করেন যে, সীমান্তের মানুষের খাদ্য ও কৃষি নিরাপত্তার কোনো সুরক্ষা নেই এবং কৃষকরা নিজের জমিতে চাষাবাদ করতে গিয়েও বঞ্চিত হচ্ছে ও হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।

বিএসএফের অনুপ্রবেশ ও ভারতীয় আগ্রাসন প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারতের যারা বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি চুরি করতে আসবে, দেশের ১৮ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিতাড়িত করবে। তিনি আরও বলেন যে, বাঙালিরা সাম্রাজ্যবাদী শক্তির সামনে মাথা নত করবে না এবং সরকার যেন জনগণের পালস বুঝে রাজনীতি করে হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের মুক্তি দেয়।

মন্তব্য করুন