সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ থাকবে: পানিসম্পদমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ থাকবে: পানিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়‍া গোলাম পরওয়ারের পাঁচটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সংসদে যেভাবে মিলেমিশে কথা বলা হয়, বাইরের পরিবেশেও যেন সেই ঐক্য বজায় থাকে। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, সংসদ এবং মাঠের রাজনীতির মধ্যে যে পার্থক্য তৈরি হয়, তা থাকা উচিত নয়। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জের কথা স্মরণ করে তিনি বলেন, "হাসিনার কাছে আমরা মাথা নত করি নাই। সবাই নতুনভাবে দেশটাকে গড়ব—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা এবং এই প্রত্যাশার জায়গা থেকেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে"।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, এই বইগুলোর মাধ্যমে নতুন প্রজন্ম স্বৈরাচারের অত্যাচার ও জুলুমের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। তিনি আরও বলেন, ন্যায়ের পথে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে নির্যাতন সহ্য করা জাতিকে সাহসী করে তুলবে।

নিজের বই প্রসঙ্গে মিয়‍া গোলাম পরওয়ার বলেন, লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ অনেক নির্যাতিত নেতা আজ ফাঁসির দণ্ড থেকে মুক্তি পেয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন, যা এক বিরাট ব্যাপার। তিনি দোয়া করেন যেন জাতির সামনে এমন জুলুমের কালো রাত আর ফিরে না আসে এবং সবাই জাতীয় ঐক্যের মাধ্যমে পথ চলতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান এবং ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন