ভাঙ্গায় জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা, ১৪৪ ধারা জারি

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ণ
ভাঙ্গায় জমি নিয়ে বিরোধ: আদালতে মামলা, ১৪৪ ধারা জারি

ভাঙ্গা (ফরিদপুর) থেকে, এটিএম ফরহাদ নান্নু: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা গ্রামে বাড়ির জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজ্ঞ আদালত ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আশরাফ মাতুব্বর আদালতে স্থগিতাদেশের আবেদন করলে আদালত এ আদেশ জারি করেন। তবে তার অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা এখনও সেখানে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে।

মামলার বিবরণ ও বাদী সূত্রে জানা যায়, উপজেলার ৭৭ নম্বর বামনকান্দা মৌজার বিএস ১৬৪ নম্বর খতিয়ানের বিএস ৪৬৩ ও ৪৬৮ নম্বর দাগে ৩৩ শতাংশ এবং বিএস ১৬৬ ও ৪৬৫ নম্বর দাগে ২১ শতাংশসহ মোট ৫৪ শতাংশ জমি তিনি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।

সম্প্রতি প্রতিবেশী নান্নু শেখ, জুয়েল শেখসহ কয়েকজন ওই জমি নিজেদের দাবি করে সেখানে ইট দিয়ে ঘর নির্মাণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন আশরাফ মাতুব্বর। তিনি বলেন, বাধা দিতে গেলে প্রতিপক্ষরা সংঘবদ্ধভাবে তাদের ওপর চড়াও হয়। পরে তারা বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন। তিনি আরও অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা জারির পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা কার্যকর করলেও প্রতিপক্ষরা নির্দেশনা মানছেন না।

এ বিষয়ে অভিযুক্ত নান্নু শেখ বলেন, “এটি আমার ক্রয়কৃত সম্পত্তি। বৈধ কাগজপত্রের মাধ্যমে আমি জমিটি ভোগদখল করে আসছি। আদালতের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে।” তিনি আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ অস্বীকার করেন।

এ ব্যাপারে সরেজমিনে পরিদর্শনকালে ভাঙ্গা থানার এএসআই আজিজুর রহমান জানান, আদালতের নির্দেশনা বাস্তবায়নে পুলিশ কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি অব্যাহত রয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে যে কোনো সময় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

মন্তব্য করুন