পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর থেকেই টালিউড সুপারস্টার জিৎ-কে নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। দীর্ঘদিনের অরাজনৈতিক ভাবমূর্তি ভেঙে তিনি কি তবে বিজেপিতে যোগ দিচ্ছেন? এমন প্রশ্নে যখন নেটদুনিয়া সরগরম, তখন নিজেই মুখ খুললেন এই অভিনেতা।
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আয়োজিত এই রাজকীয় শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, মমতা শংকর ও পায়েল সরকারের মতো তারকাদের পাশাপাশি জিতের উপস্থিতি বিশেষভাবে নজরে আসে।
তৃণমূল কংগ্রেসের পর রাজ্যে পালাবদল এবং বিজেপির এই অনুষ্ঠানে তাঁর উপস্থিতি নিয়ে ভুল ব্যাখ্যা না করার অনুরোধ জানিয়েছেন জিৎ। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক লিখিত বার্তায় অভিনেতা জানান, তিনি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।
তিনি আরও উল্লেখ করেন, ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তখনও তিনি আমন্ত্রিত হয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ঠিক একইভাবে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে সম্মান রক্ষার্থেই তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
জিৎ তাঁর বার্তায় পরিষ্কার করে বলেন, তিনি সব রাজনৈতিক দলকেই সমান শ্রদ্ধা করেন। তবে তাঁর অনুষ্ঠানে থাকাকে যেন রাজনৈতিক সংশ্লিষ্টতা হিসেবে দেখা না হয়। কোনো বিশেষ দলের সঙ্গে তাঁর নাম জড়িয়ে গুজব না ছড়ানোর জন্য তিনি সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
জান্নাত/সকালবেলা