ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (১০ মে) এই স্কোয়াড ঘোষণা করা হয়। বরাবরের মতো দলের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি এবং সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাহিদা আক্তার।
সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তাঁর পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন তাজ নেহার। লঙ্কানদের বিপক্ষে আশানুরূপ ফল না পাওয়ায় বিশ্বকাপের কঠিন মঞ্চে ঘুরে দাঁড়ানোই এখন টাইগ্রেসদের প্রধান লক্ষ্য।
বিশ্বকাপের প্রস্তুতি নিতে আগামী ১২ মে থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবেন নারী ক্রিকেটাররা। এরপর ২৫ মে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে দেশ ছাড়বে দল। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। সিরিজ শেষে ইংল্যান্ডের লাফবরোতে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। আগামী ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন জ্যোতি-নাহিদা বাহিনী।
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।
জান্নাত/সকালবেলা