হামে মৃত্যু ৩৫২ শিশুর; প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০১:২৪ অপরাহ্ণ
হামে মৃত্যু ৩৫২ শিশুর; প্রতি পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক: হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ৩৫২ শিশুর প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (১০ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

দায়ের করা রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিবাদী করা হয়েছে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ৫৫ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিদিন গড়ে ৬ জন এবং গত এক সপ্তাহে প্রতিদিন গড়ে ১০ জন করে শিশু প্রাণ হারাচ্ছে। এর মধ্যে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চিকিৎসকদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচির বাইরে থাকা এবং অত্যধিক গরমে ভাইরাসের দ্রুত বিস্তার এই প্রাদুর্ভাবের অন্যতম কারণ হতে পারে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিকার সংকট এবং শিশুমৃত্যুর ঘটনা তদন্তে সরকার কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে কারও কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। বিশেষ করে ঢাকা ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানোর ওপর জোর দিয়েছে স্বাস্থ্য প্রশাসন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব বলেন, শিশুদের জীবন রক্ষায় রাষ্ট্রের যে সাংবিধানিক দায়িত্ব রয়েছে, এই বিপুল সংখ্যক মৃত্যু সেই ব্যর্থতাকেই নির্দেশ করে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য এই ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

মন্তব্য করুন