নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকাকে ঘিরে গড়ে ওঠা সন্ত্রাসী আস্তানা ও অবৈধ কর্মকাণ্ড নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এলাকাটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব ধরনের প্রতিবন্ধকতা মোকাবিলা করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম।
শুক্রবার (৮ মে ২০২৬) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, “জঙ্গল সলিমপুর একটি আলোচিত এলাকা। এখানে আগে র্যাব সদস্য হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটেছে। এক সময় বলা হতো এটি ‘রাষ্ট্রের মধ্যে আরেকটি রাষ্ট্র’। নানা কারণে বর্তমানে এলাকাটি আলোচনায় রয়েছে। আমার দায়িত্ব পালনের শুরুতেই এই এলাকা থেকে সন্ত্রাস নির্মূল করার পরিকল্পনা হাতে নিয়েছি।”
এসপি মাসুদ আলম আরও বলেন, “দেশের অন্যান্য এলাকার মতো জঙ্গল সলিমপুরের সাধারণ বাসিন্দারাও যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে বসবাস করতে পারেন, সেই নিশ্চয়তা দিতেই আমি এখানে এসেছি। এখানে একটি সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ তৈরি করা হবে। এই কাজে যেকোনো ধরনের বাধা আসলে আইনশৃঙ্খলা বাহিনী তা সর্বাত্মক প্রচেষ্টায় মোকাবিলা করবে।”
পরিদর্শনকালে এসপি বিভিন্ন পুলিশ ক্যাম্প ঘুরে দেখেন এবং দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া ভবিষ্যতে এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প নির্মাণের জন্য প্রস্তাবিত স্থানগুলোও পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য, জঙ্গল সলিমপুর দীর্ঘকাল ধরে সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য হিসেবে পরিচিত। সাধারণ মানুষকে জিম্মি করে পাহাড় কাটা, পরিবেশ ধ্বংস, অবৈধ অস্ত্র তৈরি ও বেচাকেনার মতো অভিযোগ রয়েছে এখানকার অপরাধী চক্রের বিরুদ্ধে। নতুন পুলিশ সুপারের এই কঠোর বার্তা এলাকায় স্বস্তি ফেরাবে বলে আশা করছেন স্থানীয়রা।
পরিদর্শনকালে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলামসহ জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।