গাজীপুরে সড়কের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ণ
গাজীপুরে সড়কের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিবেদক গাজীপুর: গাজীপুরে দীর্ঘ ২৫ বছর ধরে পরিচিত ‘তারেক জিয়া রোড’-এর নাম পরিবর্তন করে ‘তালতলী মনিপুর সড়ক’ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। 

শুক্রবার (৮ মে) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের তালতলী তারেক জিয়া মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

স্থানীয়রা জানান, ২০০৪ সালে তারেক রহমান এলাকাটি সফরকালে রাস্তার বেহাল দশা দেখে সংস্কারের নির্দেশ দেন এবং তখন থেকেই এটি ‘তারেক জিয়া রোড’ নামে পরিচিতি পায়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে কুচক্রী মহল ও এলজিইডি কর্তৃপক্ষ জনমত উপেক্ষা করে রাজনৈতিক উদ্দেশ্যে সড়কের নাম পরিবর্তন করেছে। এমনকি ২০১৫ সালের নাশকতার মামলার নথিতেও সড়কটির নাম ‘তারেক জিয়া রোড’ হিসেবে উল্লেখ ছিল বলে দাবি করেন গাজীপুর ওলামা দলের সভাপতি আমিনুল কাজী।

গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি সদস্য রমজান আলীসহ ছাত্রদলের নেতৃবৃন্দ অবিলম্বে পুরাতন নাম পুনর্বহালের দাবি জানান। তারা মনে করেন, এটি তারেক রহমানের স্মৃতি মুছে ফেলার একটি পরিকল্পিত অপচেষ্টা। এ বিষয়ে সদর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ফাহাদ জানান, বর্তমানে সড়কটি ‘তালতলী মনিপুর রাস্তা’ নামে নথিবদ্ধ রয়েছে এবং নাম পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন