সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন স্থানীয় কলেজের শিক্ষার্থী। 

শনিবার (৯ মে ২০২৬) সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কসবা উপজেলার ধজনগর গ্রামের মো. হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন (২০)। তিনি স্থানীয় শাহআলম ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন। নিহত অন্যজনের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে একদল বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ধজনগর-পাথারিয়াদ্বার এলাকায় প্রবেশ করে। ভারত থেকে মালামাল নিয়ে ফেরার সময় বিএসএফের ৪৯ ব্যাটালিয়নের পাথারিয়াদ্বার ক্যাম্পের টহল দল তাদের বাধা দেয়। এ সময় বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা ছররা বন্দুক দিয়ে গুলি ছুড়লে মুরসালিনসহ দুইজন গুরুতর আহত হন। পরে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ঘটনার পরপরই বিজিবির ৬০ ব্যাটালিয়ন সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন। বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র (প্রটেস্ট নোট) পাঠানো হয়েছে এবং লাশ ফেরত আনার জন্য পতাকা বৈঠকের (ফ্ল্যাগ মিটিং) প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, “বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি মারা যাওয়ার খবর আমরা নিশ্চিত হয়েছি। বিএসএফ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেওয়া হবে।”

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মুরসালিন একজন কলেজছাত্র ছিলেন। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।

মন্তব্য করুন