ইসরায়েলি দখলদারিত্ব আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
ইসরায়েলি দখলদারিত্ব আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের সম্প্রসারণবাদী নীতি এই অঞ্চলের নিরাপত্তার জন্য প্রধান হুমকি। 

বৃহস্পতিবার (৭ মে) রাজধানী আঙ্কারায় আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তাবুনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, “ইসরায়েলি আগ্রাসন আবারও স্পষ্ট করে দিয়েছে, বর্তমানে তাদের সরকারের সম্প্রসারণবাদী ও আইনহীন নীতিগুলো আমাদের অঞ্চলের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় সংকট।” তিনি আরও উল্লেখ করেন, তুরস্ক ও আলজেরিয়া এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবং চলমান সহিংসতা বন্ধে অভিন্ন অবস্থান পোষণ করে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তাবুন ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “আমরা ইসরায়েলি দখলদারিত্ব, আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন, লেবাননে আক্রমণ এবং গাজায় বর্বরোচিত কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছি।” তিনি গাজায় চলমান অমানবিক পরিস্থিতির অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করেন।

সংবাদ সম্মেলনের আগে প্রেসিডেন্ট এরদোয়ান প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আলজেরীয় প্রেসিডেন্টকে স্বাগত জানান এবং দুই নেতা উচ্চপর্যায়ের কৌশলগত সহযোগিতা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে জ্বালানি, খনিজ সম্পদ, পরিবহন এবং কৃষিসহ কৌশলগত খাতগুলোতে সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন তারা। বিশেষ করে প্রাকৃতিক গ্যাস সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের কথা জানান এরদোয়ান। প্রেসিডেন্ট তাবুনও উভয় দেশের অভিন্ন ঐতিহাসিক ঐতিহ্য রক্ষা এবং অর্থনৈতিক সম্পর্ক বহুমুখীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

সূত্র: টিআরটি উর্দু।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন