আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের আসন্ন নতুন সরকারে দুই দশকেরও বেশি সময় পর ফিরিয়ে আনা হচ্ছে ‘উপ-মুখ্যমন্ত্রী’ পদ। রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপির জ্যেষ্ঠ নেতা শুভেন্দু অধিকারীর নাম প্রায় নিশ্চিত হওয়ার পাশাপাশি জানা গেছে, এবার দু’জন উপ-মুখ্যমন্ত্রী পাচ্ছে পশ্চিমবঙ্গ। এই গুরুত্বপূর্ণ পদের জন্য এগিয়ে আছেন অগ্নিমিত্রা পল এবং শঙ্কর ঘোষ।
সম্ভাব্য রাজ্য সরকার গঠনের প্রক্রিয়া তদারকি করতে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার তিনি বিজয়ীদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। বিজেপি সূত্র জানিয়েছে, আসানসোল দক্ষিণ আসন থেকে জয়ী নেত্রী অগ্নিমিত্রা পল হতে যাচ্ছেন রাজ্যের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী। অন্যদিকে, শিলিগুড়ি থেকে জয়ী শঙ্কর ঘোষ দ্বিতীয় উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন। অমিত শাহ আজ এই দুই নেতার সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গের ইতিহাসে সর্বশেষ উপ-মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারে (১৯৭৭-২০০০) তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। ২০০০ সালে বুদ্ধদেব ভট্টাচার্য নিজে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে রাজ্যে আর কোনো উপ-মুখ্যমন্ত্রী ছিল না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকারের দীর্ঘ শাসনামলেও এই পদের অস্তিত্ব ছিল না। ফলে ২০ বছর পর আবারও এই পদের প্রত্যাবর্তন ঘটছে।
আগামীকাল শনিবার (৯ মে ২০২৬) নতুন রাজ্য সরকার শপথ নেবে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই নতুন সরকার পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় ধরনের প্রশাসনিক রদবদল আনবে বলে ধারণা করা হচ্ছে।