নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের প্রবীণ আলেম ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় আমির সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (৮ মে ২০২৬) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
১৯৪৭ সালে লোহাগাড়া উপজেলার পদুয়া গ্রামের নয়াপাড়ায় জন্মগ্রহণ করেন সরওয়ার কামাল আজিজী। তাঁর পিতা মরহুম আলহাজ হাকিমবক্স চৌধুরী পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট ছিলেন। সরওয়ার কামাল আজিজী পটিয়া মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করার পাশাপাশি সাধারণ শিক্ষায় ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেন।
সরওয়ার কামাল আজিজী ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। দীর্ঘ পরিক্রমায় ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর তিনি দলটির আমির নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং শাহ ওয়ালীউল্লাহ একাডেমি, চট্টগ্রামের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি পদুয়া আল জামিয়াতুল আনোয়ার হেমায়েতুল ইসলাম মাদ্রাসাসহ বহু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। আমৃত্যু তিনি পদুয়া কওমি মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব পালন করে গেছেন।
প্রবীণ এই আলেমের মৃত্যুতে চট্টগ্রামের আলেম সমাজসহ দেশের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর প্রয়াণকে ইসলামি রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি হিসেবে অভিহিত করেছেন নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও সাত কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।