বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে সমাবেশ

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ণ
বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যতের দাবিতে সমাবেশ

বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে জীবাশ্ম জ্বালানিমুক্ত ও ন্যায়ভিত্তিক ভবিষ্যতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত হয়েছে। 

শুক্রবার (০৮ মে) সকালে অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের আয়োজনে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় শতাধিক তরুণ জলবায়ু কর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেন।

সমাবেশে অংশগ্রহণকারী তরুণরা রঙিন ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে কয়লা, তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান। কর্মসূচিতে মাস্ক পরে প্রতীকী প্রদর্শনীর মাধ্যমে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলে ধরা হয়। এতে ফাইট ফর কোস্টাল রাইটস অ্যান্ড জাস্টিস, অভিযান যুব সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

তরুণ জলবায়ু কর্মী মো. মেহেদি হাসান ও শেখ ফারদিন সানি বলেন, বাংলাদেশ বর্তমানে জলবায়ু বিপর্যয়ের বড় ঝুঁকিতে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই। সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাহফুজ মাঝি, সুমিত ভট্টাচার্য্য, রবিউল ইসলাম ও নাসরিন আক্তার জয়াসহ অন্যান্য অ্যাক্টিভিস্টরা।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন