মিজানুর রহমান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজারে সিসা দূষণের বিষাক্ত প্রভাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সচেতন এলাকাবাসী অংশগ্রহণ করেন।
গণশুনানিতে বক্তারা অভিযোগ করেন, সিসা দূষণের কারণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি চরম আকার ধারণ করেছে। বিষাক্ত ধোঁয়া ও বর্জ্য বাতাস দূষিত করায় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা জানান। অংশগ্রহণকারীরা জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।
গণশুনানিতে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, বিএনপি নেতা মোঃ আবুল বাশার চঞ্চল, কটিয়াদী প্রেস ক্লাবের সাংবাদিক আলীমুজ্জামান মহসিন, নিরাপদ সড়ক চাই কটিয়াদীর সদস্য সচিব মোয়াজ্জেম হোসেনসহ বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা। পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ.আই.এল/সকালবেলা