আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘির পাড় এলাকায় ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে রামহরি বৈষ্ণব নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

গতকাল সোমবার (১৫ জুন) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রামহরি বৈষ্ণব হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কবিরপুর গ্রামের বাসিন্দা। তিনি লালদিঘির পাড় এলাকার ‘রাধিকাস কিচেন’ নামের একটি নিরামিষ হোটেলের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হোটেলের জানালায় আর্জেন্টিনার পতাকা টানানোর সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন রামহরি। এ সময় একই হোটেলের কর্মী নয়নও তাঁর সঙ্গে পতাকা লাগাতে ওপরে উঠেছিলেন। লোহার রড ব্যবহার করে পতাকা টাঙানোর একপর্যায়ে রডটি সরাসরি বৈদ্যুতিক তারে গিয়ে লাগে। এতে রডটি বিদ্যুতায়িত হয়ে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রামহরিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়ে আহত সহকর্মী নয়ন বলেন, "আমি আর রামহরি একসঙ্গে পতাকা লাগাতে ওপরে উঠেছিলাম। লোহার রড দিয়ে যখন পতাকা বাঁধছিলাম, তখন হঠাৎ রডটি বিদ্যুতের তারে লেগে যায়। ওই সময় আমাদের দুজনের হাতেই রডটি ধরা ছিল। বিদ্যুতের তীব্র ঝাঁকুনিতে আমি প্রায় ১০ হাত দূরে ছিটকে পড়ে যাই। কিন্তু রামহরি রডটি ধরে রেখেই আটকে থাকে।"

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পতাকা টানানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে রামহরি নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন