বিশ্বকাপের গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ণ
বিশ্বকাপের গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

নিজস্ব প্রতিবেদক:বিশ্বকাপ মিশনে শুরু থেকেই হোঁচট খাচ্ছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ ড্রয়ের পর এবার দলের প্রাণভোমরা নেইমারকে নিয়ে এসেছে আরও বড় দুঃসংবাদ। পেশির চোটের কারণে গ্রুপ পর্বে নিজেদের পরের দুই ম্যাচে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে পারবেন না এই সুপারস্টার।

৩৪ বছর বয়সী নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের পেশিতে আঘাত পান। এরপর ১০ দিন পেরিয়ে গেলেও এখনো দলের মূল অনুশীলনে ফিরতে পারেননি তিনি। বিষয়টি নিয়ে দলের কোচ কার্লো আনচেলত্তি আগে থেকেই কিছুটা উদ্বেগের কথা জানিয়েছিলেন।

একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নেইমারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কোচ আনচেলত্তি বলেছিলেন, ‘নেইমার দ্রুত মাঠে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি খুব শীঘ্রই তাকে দলের সাথে পাব।’

তবে সাম্প্রতিক পরিস্থিতির অবনতি হওয়ায় ধোঁয়াশা আরও বেড়েছে। সোমবার নেইমারের অনুশীলনে ফেরার কথা থাকলেও, তাকে পুনরায় পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট প্রকাশ না করায় তার বিশ্বকাপ খেলা নিয়েও দেখা দিয়েছে সংশয়।

ব্রাজিলের বিভিন্ন গণমাধ্যমের দাবি, দলের চিকিৎসা বিভাগ আপাতত নেইমারকে হাইতি ও স্কটল্যান্ডের ম্যাচের পরিকল্পনা থেকে বাইরে রেখেছে। তাদের মূল লক্ষ্য হলো, নকআউট পর্ব শুরু হওয়ার আগেই নেইমারকে শতভাগ ফিট করে তোলা। এখন দেখার বিষয়, সময়মতো সুস্থ হয়ে তিনি দলের ত্রাণকর্তা হতে পারেন কি না।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন