তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সুইডেনের কাছে ৫-১ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর নড়েচড়ে বসেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। হারের ক্ষত না শুকাতেই প্রধান কোচ সাব্রি লামুশিকে বিদায় জানিয়েছে দলটি। তবে দীর্ঘ সময় শূন্য থাকছে না কোচের চেয়ার; তিউনিসিয়ার ফুটবল দলের হাল ধরতে নিয়োগ দেওয়া হয়েছে অভিজ্ঞ ফ্রেঞ্চ কোচ হার্ভে রেনার্ডকে।

মঙ্গলবার তিউনিসিয়া ফুটবল ফেডারেশন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আপাতত দলের দায়িত্ব পালন করবেন ৫৭ বছর বয়সী এই কোচ। তবে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ শেষে দলের পারফরম্যান্স ও নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণের ওপর ভিত্তি করে তার সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়ে পরবর্তীতে আলোচনা করা হবে।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে, আজ বিকেলের মধ্যেই মেক্সিকোর মনটেরিতে দলের বেস ক্যাম্পে রেনার্ডের যোগ দেওয়ার কথা রয়েছে। এরপরই তিনি সরাসরি স্কোয়াডের অনুশীলনে যুক্ত হবেন।

আফ্রিকান ফুটবলে হার্ভে রেনার্ড একটি বড় নাম। এর আগে জাম্বিয়া (২০১২) ও আইভরি কোস্টের (২০১৫) হয়ে আফ্রিকা কাপ অব নেশনস জেতার কৃতিত্ব আছে তার ঝুলিতে। বিশ্বমঞ্চে তার বড় পরিচিতি আসে ২০২২ কাতার বিশ্বকাপে, যেখানে তার অধীনে সৌদি আরব বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছিল। পরবর্তীতে ফ্রান্স নারী দলের দায়িত্ব সামলে আবারও সৌদি আরবের ডাগআউটে ফিরেছিলেন তিনি।

উল্লেখ্য, সদ্য বিদায়ী কোচ সাব্রি লামুশির অধীনে তিউনিসিয়া শেষ ৫টি ম্যাচের মধ্যে ৪টিতেই হেরেছে। বিশেষ করে প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫ গোল হজম করায় দলের খেলোয়াড়দের মনোবল বেশ ভেঙে পড়েছে। এমতাবস্থায় রেনার্ডের মতো অভিজ্ঞ কোচের হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে তিউনিসিয়া।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন