ফ্রান্স-সেনেগাল মহারণ: প্রতিশোধ নাকি ইতিহাস বদল

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ণ
ফ্রান্স-সেনেগাল মহারণ: প্রতিশোধ নাকি ইতিহাস বদল

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আবারও এক ঐতিহাসিক লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব। ১৯৯৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স ২০০২ সালে নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে সেনেগালের কাছে হেরে বড় ধরণের অঘটনের শিকার হয়েছিল, যা শেষ পর্যন্ত তাদের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত করেছিল। দীর্ঘ ২৪ বছর পর আবারও বিশ্বকাপের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এই দুই দল। তাই আজ সবার নজর—এমবাপ্পের ফ্রান্স কি পারবে সেই হারের প্রতিশোধ নিতে, নাকি আবারও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবে সেনেগাল?

দিদিয়ের দেশমের ফ্রান্স এবার শিরোপার অন্যতম হট ফেবারিট। সাম্প্রতিক ফর্ম তাদের বেশ আত্মবিশ্বাসী করে তুলেছে। বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে ব্রাজিল ও কলম্বিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা নিজেদের শক্তির জানান দিয়েছে। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে মাইকেল ওলিসের হ্যাটট্রিক কোচকে বাড়তি স্বস্তি দিচ্ছে। দলের আক্রমণভাগের দায়িত্বে থাকা কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে ও ওলিসে যেকোনো রক্ষণভাগ ভাঙার ক্ষমতা রাখেন। তবে ফরাসিদের মূল চিন্তার কারণ তাদের রক্ষণভাগ, কারণ শেষ পাঁচটি ম্যাচের প্রতিটিতেই তারা গোল হজম করেছে।

অন্যদিকে, পাপে থিয়াওয়ের অধীনে সেনেগাল দলে শারীরিক শক্তি ও কৌশলের এক দারুণ ভারসাম্য রয়েছে। যদিও তাদের সাম্প্রতিক প্রস্তুতি খুব একটা সুবিধাজনক নয়, তবুও সাদিও মানে এবং চেলসি তারকা নিকোলাস জ্যাকসনের কাউন্টার-অ্যাটাকিং জুটি যেকোনো দলের জন্য আতঙ্কের কারণ। রক্ষণভাগে কালিদু কুলিবালির অভিজ্ঞতা ফ্রান্সের আক্রমণ সামলানোর মূল অস্ত্র হতে পারে।

কাগজে-কলমে ফ্রান্স শক্তির বিচারে এগিয়ে থাকলেও সেনেগালের শারীরিক ফুটবলের বিপক্ষে তাদের বেশ সতর্ক থাকতে হবে। এখন দেখার বিষয়, এমবাপ্পে-গ্রিজম্যানরা কি প্রতিশোধের মিশন সফল করতে পারেন, নাকি সেনেগাল আবারও অঘটন ঘটিয়ে ইতিহাস নতুন করে লিখবে।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন