জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৬ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে।
এতে আরও বলা হয়, আফরোজা আব্বাসও সরকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে যে কোনো সময় পদত্যাগ করতে পারবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার এ নিয়োগ অবৈতনিক হবে।
উল্লেখ্য, আফরোজা আব্বাস বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের স্ত্রী।
|