সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট
নিজস্ব প্রতিবেদক: সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াতে ইসলামী জোট। তবে প্রয়োজন হলে সংবিধান সংস্কার কমিটিতে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের দাবি ছিল সংবিধান সংস্কার। সে অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হয়েছে। তাই সংশোধনের জন্য আলাদা কমিটি প্রয়োজন নেই, বরং সংস্কারের জন্য কমিটি করা হলে তারা বিষয়টি বিবেচনা করবেন।
শফিকুর রহমান আরও বলেন, সংবিধান সংশোধন নিয়মিত প্রক্রিয়া, এ জন্য বিশেষ কমিটির প্রয়োজন নেই। প্রয়োজন হলে সংবিধান সংস্কারের জন্য আলাদা উদ্যোগ নেওয়া উচিত।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, জনগণের রায় বাস্তবায়ন না হলে তা রাজপথে আন্দোলনের মাধ্যমে আদায় করা হবে।
সংসদীয় কার্যক্রম নিয়ে তিনি বলেন, যৌক্তিক সমর্থন দেওয়া এবং প্রয়োজন হলে সমালোচনা করাই বিরোধী দলের দায়িত্ব। তবে জনস্বার্থ ক্ষুণ্ন হয় এমন আচরণ তারা করবেন না।
সংসদে ওয়াকআউট প্রসঙ্গে তিনি জানান, যৌক্তিক বিষয়ে সমাধান না হলে ওয়াকআউট করা হতে পারে, তবে তা দীর্ঘস্থায়ী হবে না।
তিনি আরও বলেন, সীমান্ত, অর্থনীতি ও প্রবাসী ইস্যুসহ বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনা হয়েছে, তবে বাস্তবায়ন না হলে সমস্যার সমাধান হবে না।
|