হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি

প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ণ
হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজার ৪২২ হাজি

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে সোমবার পর্যন্ত মোট ৫৭ হাজার ৪২২ জন হাজি দেশে ফিরেছেন।

মঙ্গলবার ঢাকা হজ অফিসের পরিচালক এ তথ্য জানান। তিনি বলেন, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে এ পর্যন্ত মোট ১৩৮টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৭টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫৩ হাজার ১০৯ জন রয়েছেন।

এয়ারলাইন্সভিত্তিক হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি ফ্লাইটে ২৪ হাজার ৪৯৯ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ১৯ হাজার ৮২৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৩৮০ জন হাজি দেশে ফিরেছেন।

হজ অফিসের পরিচালক জানান, অবশিষ্ট হাজিরা নির্ধারিত ফ্লাইটের মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

এ বছর হজ পালনের সময় সৌদি আরবে ৫২ জন বাংলাদেশি মারা গেছেন। তাঁদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজনের মৃত্যু হয়েছে। মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

হজ বুলেটিনে বলা হয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ৪১৫ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁদের মধ্যে ১৫ জন হাসপাতালে ভর্তি ছিলেন।

এ ছাড়া সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬৪ হাজার ৭৫১ জন হাজিকে চিকিৎসাসেবা দিয়েছে। মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক থেকে সেবা পেয়েছেন ২৭ হাজার ৯২০ জন হাজি।

চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন শুরু হয়। ২১ মে প্রাক-হজ ফ্লাইট শেষ হয় এবং ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

হজ অফিসের তথ্যমতে, এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা ছিল।

মন্তব্য করুন