গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬০
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জে দুটি যাত্রীবাহী বাস ও একটি মালবাহী ট্রাকের মধ্যে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক যাত্রী নিহত হয়েছেন এবং অন্তত ৬০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৬ জুন) বিকেল সোয়া চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সুন্দরবন পরিবহন’–এর একটি যাত্রীবাহী বাস মহাসড়কের চেচানিয়াকান্দি এলাকায় ‘জিএমএস পরিবহন’ নামের অপর একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাস দুটির মুখোমুখি তীব্র সংঘর্ষ হয়।
সংঘর্ষের চোটে বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে ছিটকে পড়ে যায় এবং ট্রাকটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এই ঘটনায় দুই বাসে থাকা অন্তত ৬০ জন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যাত্রীর মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
মহাসড়কে এই দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো অপসারণের প্রক্রিয়া শুরু করে।
এআইএল/সকালবেলা
|