সিডনিতে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার

সিডনিতে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার ডেভিড ওয়ার্নার

ক্রীড়া প্রতিবেদক: অস্ট্রেলিয়ার সাবেক বিধ্বংসী ওপেনার ডেভিড ওয়ার্নার মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। 

নিউ সাউথ ওয়েলস পুলিশের বরাত দিয়ে জানা গেছে, গত রোববার সিডনির মারুব্রা এলাকায় নিয়মিত তল্লাশির সময় শ্বাস-পরীক্ষায় (ব্রেথ টেস্ট) পজিটিভ ধরা পড়েন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। ইস্টার সানডের সেই রাতে একটি ভ্যান টেস্টিং সাইটের অদূরে গাড়ি পার্ক করার সময় পুলিশের সন্দেহ হলে তাকে থামানো হয়।

প্রাথমিক পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি পাওয়ার পর ওয়ার্নারকে মারুব্রা থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা পরীক্ষায় তার শরীরে ০.১০৪ মাত্রার অ্যালকোহল শনাক্ত হয়, যা নিউ সাউথ ওয়েলসের নির্ধারিত বৈধ সীমার চেয়েও দ্বিগুণ। এই অপরাধের প্রেক্ষিতে তাকে ‘মিড-রেঞ্জ’ অ্যালকোহল সেবনের দায়ে অভিযুক্ত করেছে পুলিশ। আগামী ৭ মে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনি এই জটিলতার কারণে ওয়ার্নারের ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে স্থগিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওয়ার্নারের দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কের ছায়া নতুন কিছু নয়। ২০১৩ সালে ইংলিশ ক্রিকেটার জো রুটকে ঘুষি মারা কিংবা ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই আলোচিত ‘স্যান্ডপেপার’ কেলেঙ্কারি—সবকিছু মিলিয়ে মাঠ ও মাঠের বাইরে বারবার আলোচনায় এসেছেন তিনি। ২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো এই তারকা বর্তমানে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। টুর্নামেন্টের মাঝপথে এমন আইনি ঝামেলায় জড়ানোয় তার ফ্র্যাঞ্চাইজি ও ভক্তমহলে অস্বস্তি দেখা দিয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন