হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৬

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৩৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ২৩৬ শিশু এই রোগে আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে একজনের মৃত্যু নিশ্চিতভাবে হামে হয়েছে এবং বাকিদের শরীরে হামের প্রবল উপসর্গ ছিল। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ২২ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ১২৮ জন প্রাণ হারিয়েছে। এই সময়ের মধ্যে মোট ১ হাজার ৩৯৮ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং আরও ৬ হাজার ৮৮৩ শিশুর শরীরে এই রোগের লক্ষণ পাওয়া গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে। এর পরেই রয়েছে রাজশাহী বিভাগ। গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই ১৮৬ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও ৪৯৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ল্যাবে পরীক্ষার চাপ বাড়ার পাশাপাশি এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫ শতাংশে দাঁড়িয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন