ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু রায়হান, রংপুর: প্রেমিকার কাছে নিজের পরিচয় আরও আকর্ষণীয় ও বিশ্বাসযোগ্য করে তুলতে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয়ে ভুয়া আইডি কার্ড বানাতে গিয়ে রংপুরে আটক হয়েছেন মোস্তাফিজুর রহমান (২৮) নামে এক যুবক।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) দুপুরে নগরীর রংপুর প্রেসক্লাব মার্কেটের একটি প্রিন্টিং দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুমাইল গ্রামের মোখলেছার রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তাফিজুর পেশায় একজন রাজমিস্ত্রী হলেও এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে নিজেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। সম্প্রতি ওই তরুণী তার পরিচয়ের সত্যতা যাচাই করতে আইডি কার্ড দেখতে চাইলে বিপাকে পড়েন মোস্তাফিজুর। পরিচয় টিকিয়ে রাখতে তিনি ভুয়া আইডি কার্ড তৈরির পরিকল্পনা করেন।
মঙ্গলবার দুপুরে মোস্তাফিজুর রংপুর প্রেসক্লাব মার্কেটের একটি দোকানে গিয়ে নিজেকে এএসপি পরিচয় দিয়ে একটি আইডি কার্ড প্রিন্ট করতে দেন। তবে তার আচরণ ও কথাবার্তায় সন্দেহ হয় দোকান মালিক মিজানুর রহমানের। তাৎক্ষণিকভাবে দোকান কর্তৃপক্ষ কৌশলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান: "আটক যুবক নিজেকে এএসপি পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড তৈরির চেষ্টা করছিলেন। দোকানদারদের বুদ্ধিমত্তায় তাকে আটক করা সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রেমের সম্পর্কের কারণে এই জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে স্বীকার করেছেন।"
ওসি আরও জানান, আটক ব্যক্তির দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে এবং তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশানুসারে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ