সৃষ্টিকর্তা ইরান যুদ্ধে আমেরিকার পাশেই আছেন: ডোনাল্ড ট্রাম্প

সৃষ্টিকর্তা ইরান যুদ্ধে আমেরিকার পাশেই আছেন: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত নিয়ে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, সৃষ্টিকর্তা ব্যক্তিগতভাবে কোনো যুদ্ধ পছন্দ না করলেও চলমান এই যুদ্ধে তিনি আমেরিকার পক্ষেই আছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প জোর দিয়ে বলেন, ঈশ্বর মঙ্গলময় এবং তিনি চান মানুষের সঠিক যত্ন নেওয়া হোক। সেই নৈতিক অবস্থান থেকেই তিনি মার্কিন সামরিক পদক্ষেপকে সমর্থন করছেন বলে ট্রাম্প বিশ্বাস করেন। ইস্টার পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি মার্কিন সামরিক শক্তির ভূয়সী প্রশংসা করে একে ‘অন্যতম সেরা সামরিক সময়’ হিসেবে অভিহিত করেন। তিনি আরও বলেন, যদিও যুদ্ধ কোনো সুখকর বিষয় নয় এবং তিনি নিজে বা ঈশ্বর কেউই বর্তমান পরিস্থিতি নিয়ে আনন্দিত নন, তবুও বৃহত্তর স্বার্থে এবং জনগণের নিরাপত্তার খাতিরে মার্কিন অবস্থানই সঠিক।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাত চলছে। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরান যদি তাদের শর্ত না মানে তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। আন্তর্জাতিক মহলে ট্রাম্পের এই মন্তব্য নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই কঠিন সময়ে ধর্মীয় অনুষঙ্গ টেনে এনে ট্রাম্প মূলত মার্কিন জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন