আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল বা জেট ফুয়েলের মূল্য এপ্রিল মাসের জন্য পুনরায় বৃদ্ধি করা হয়েছে। নতুন নির্ধারিত দর অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই মূল্য ঘোষণা করে।

এর আগে গত ২৪ মার্চ লিটারে একলাফে ৯০ টাকা বেড়ে জেট ফুয়েলের দাম ২০২ টাকা হয়েছিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও এই জ্বালানির দাম বাড়ানো হলো। বিইআরসির তথ্যমতে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্যও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়েছে। প্রতি লিটারের দাম ১.৩২১৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১.৪৮০৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

কমিশন জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য নির্ধারিত এই দামের মধ্যে শুল্ক ও ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে নির্ধারিত দামটি শুল্ক ও ভ্যাটমুক্ত রাখা হয়েছে। এপ্রিল মাসের জন্য কার্যকর হওয়া এই নতুন দর ৭ এপ্রিল রাত ১২টা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে। ক্রমাগত জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়ায় এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন