কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবা, নগদ টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ মদিনাবাদ ও মহারাজপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কয়রা উপজেলার দক্ষিণ মদিনাবাদ এলাকার মো. আলাউদ্দিন ফকির (৪২), মো. শাহাজান ফকির (৪০) এবং মো. আরিফুল ইসলাম (৫৫)। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কয়াল থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি টিম দক্ষিণ মদিনাবাদ এলাকার একটি বসতবাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ইয়াবাসহ আলাউদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে মহারাজপুর গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে বাকি দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৪৫ হাজার ৩০০ টাকা মূল্যের ১৫১ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫৭০ টাকা, ১টি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, এলাকাকে মাদক, অনলাইন জুয়া, ছিনতাই ও চাঁদাবাজিমুক্ত করতে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অপরাধমুক্ত মডেল থানা গঠনে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এআইএল/সকালবেলা