রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে জরিমানা

রাজারহাটে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে জরিমানা

মামুন চৌধুরী, রাজারহাট (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রাজারহাটে অনুমোদনহীন ও ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সিঙ্গারডাবড়ী হাটে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা কৃষি অফিসের তথ্যের ভিত্তিতে সিঙ্গারডাবড়ী হাটে অবস্থিত ‘রিসা বীজ ভান্ডার’-এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনুমোদনহীন ‘লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড’ কোম্পানির বিভিন্ন বালাইনাশকসহ মোট ৬২৬টি পণ্য জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব ভেজাল ও ক্ষতিকারক কীটনাশক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান, লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড কোম্পানির বাজারে সরবরাহকৃত ৭৪টি পণ্যের মধ্যে মাত্র ৮টির সরকারি অনুমোদন রয়েছে। সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কোম্পানির প্রতিনিধি রায়হান রাজুকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, “ভেজাল ও অনুমোদনহীন কৃষি উপকরণ ব্যবহারে ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং উৎপাদন ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে কৃষকের সারা বছরের কষ্ট ও ফসল নষ্ট হয়ে যায়। কৃষকদের স্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানকালে অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানীসহ রাজারহাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন