ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুরের মেলান্দহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৬০০ পিস ইয়াবাসহ বিএনপি ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুই নেতাকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকার মৃত মজনু শেখের ছেলে ও আদ্রা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আলামিন শিলু এবং ব্রাহ্মণপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ও হাজরাবাড়ি পৌর যুবলীগের সদস্য আইয়ুব আলী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজরাবাড়ি পৌরসভার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৬০০ পিস ইয়াবা বড়ি, মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা এবং দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, "আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।"
এ ঘটনায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক কারবারে জড়িত থাকার বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ