টাঙ্গাইলে মাদকের টাকার জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা

টাঙ্গাইলে মাদকের টাকার জন্য স্ত্রীকে পুড়িয়ে হত্যা

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে মাদকের টাকার জন্য নাজমা হরিজন নামে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গত শনিবার সকালে শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার হরিজন পল্লীতে এই নৃশংস ঘটনাটি ঘটে। 

রোববার (১২ এপ্রিল) রাতে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে মাদক সেবনের টাকার জন্য নাজমার কাছে টাকা দাবি করেন তাঁর স্বামী বুলু হরিজন। নাজমা টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বুলু তাঁর স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

নাজমার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই তাঁর মৃত্যু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক হরিজন পল্লীর এক বাসিন্দা জানান, অভিযুক্ত বুলু হরিজন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এর আগেও টাকার জন্য তিনি নাজমার ওপর একাধিকবার চড়াও হয়েছিলেন, যা স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ঘটনার সময় বুলুর বাবা উপস্থিত থাকলেও নাজমাকে বাঁচাতে কোনো পদক্ষেপ নেননি।

টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী জানান, ঢাকার শাহবাগ থানার মাধ্যমে তাঁরা নাজমার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পুলিশ আরও জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত বুলু হরিজন পলাতক রয়েছে। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন