ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সামজাদ জসি, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে এক নজিরবিহীন ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। জনসমক্ষে তরিকুল ইসলাম নামে এক সরকারি উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে পেটানোর জন্য তাড়া করেছেন লোকমান হোসেন নামে এক প্রভাবশালী ঠিকাদার।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে পেশাগত দায়িত্ব পালনকালে উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর হঠাৎ চড়াও হন ঠিকাদার লোকমান হোসেন। বাগবিতণ্ডার একপর্যায়ে লোকমান একটি বাঁশ হাতে নিয়ে ওই কর্মকর্তাকে মারার জন্য জনসম্মুখে তাড়া করতে থাকেন। সরকারি একজন কর্মকর্তার সাথে এমন আচরণ দেখে উপস্থিত সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ও খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
এই ঘটনার খবর পাওয়ার পরপরই তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য। তিনি এই ঘটনাকে নবীনগরের দীর্ঘদিনের কৃষ্টি ও সংস্কৃতির ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করে বলেন, "একজন সরকারি কর্মকর্তার ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নবীনগরের মাটিতে সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই।"
সাংসদ আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনকে গ্রেপ্তার করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন।
নবীনগর থানা পুলিশ জানিয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের পর তারা অভিযুক্তকে ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একজন সরকারি প্রকৌশলীর ওপর এমন অতর্কিত হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহল বলছেন, "যে নবীনগরকে আমরা সংস্কৃতির রাজধানী হিসেবে চিনি, সেখানে এমন পেশিশক্তির প্রদর্শন অত্যন্ত লজ্জাজনক। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস না দেখায়।"
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ