জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

অনলাইন ডেস্ক: জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানসহ সকল সদস্য একযোগে পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশটি জাতীয় সংসদে বাতিল হওয়ার প্রেক্ষাপটে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগের পর কমিশনের পক্ষ থেকে সংবাদমাধ্যমে একটি ‘খোলাচিঠি’ পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়। এই বিলের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০০৯’ পুনরায় কার্যকর করা হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশটি বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে গেজেট প্রকাশের পর থেকেই এই পরিবর্তন কার্যকর হওয়ার কথা।

বিদায়ী কমিশনের সদস্য নূর খান গণমাধ্যমকে জানান, সরকারের পক্ষ থেকে তাঁদের সরাসরি পদত্যাগ করতে বলা হয়নি, তবে পুরো বিষয়টি নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। যেহেতু তাঁরা পূর্ববর্তী অধ্যাদেশের অধীনে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং বর্তমানে সেই অধ্যাদেশটি আর কার্যকর নেই, তাই তাঁরা পদত্যাগ করাকেই নৈতিকভাবে সঠিক মনে করেছেন।

মানবাধিকার কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী এই বিষয়ে বলেন, সংশ্লিষ্ট অধ্যাদেশটি বাতিল হয়ে যাওয়ায় কারিগরিভাবে আগের কমিশনের অস্তিত্ব আর নেই। তবে সদস্যদের পাঠানো ‘খোলাচিঠি’র বিষয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

সংসদে বিরোধী দলের আপত্তি সত্ত্বেও ২০০৯ সালের মূল আইনটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ায় বর্তমান কমিশনটি স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্তির মুখে পড়েছিল। যার চূড়ান্ত পরিণতি হিসেবে আজ সব সদস্য পদত্যাগ করলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন