সলঙ্গায় মিষ্টির দোকানে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সলঙ্গায় মিষ্টির দোকানে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

জুয়েল রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় জেলা প্রশাসন ও র‍্যাব-১২ এর সহযোগিতায় দুই মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) সকালে সলঙ্গা বাজারে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: সোহেল শেখের নেতৃত্বে সলঙ্গা বাজারে এই তদারকিমূলক অভিযান চালানো হয়। অভিযানে বিএসটিআই-এর অনুমোদন ছাড়া দই উৎপাদন এবং দইয়ের মোড়ক ব্যবহার না করে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী বিক্রির দায়ে ‘আলিম হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডার’কে ৩০ হাজার টাকা এবং ‘এভারগ্রীণ প্লাস’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মিষ্টির দোকানের পাশাপাশি এদিন বাজারে ভোজ্য তেল ও এলপিজি গ্যাসের বাজার দর ও সরবরাহ পরিস্থিতিও পর্যবেক্ষণ করা হয়। তদারকি শেষে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বাজারে ভোজ্য তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে।

সহকারী পরিচালক মো: সোহেল শেখ বলেন, “মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। জনস্বার্থে এই ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।”

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব-১২ এর সদস্যরা এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন