এক বেলা খেয়েই দিন কাটছে সুদানের মানুষের

এক বেলা খেয়েই দিন কাটছে সুদানের মানুষের

রয়টার্স: সুদানে চলমান গৃহযুদ্ধের প্রভাবে খাদ্য সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। সোমবার (১৩ এপ্রিল) বেশ কয়েকটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার (এনজিও) পক্ষ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধকবলিত সুদানে লাখ লাখ মানুষ বর্তমানে দিনে মাত্র এক বেলা খাবার খেয়ে টিকে আছেন।

সুদানি সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী ‘র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ)-এর মধ্যে শুরু হওয়া বিধ্বংসী এই যুদ্ধ আগামী বুধবার তৃতীয় বছরে পদার্পণ করছে। দীর্ঘস্থায়ী এই সংঘাত দেশজুড়ে তীব্র ক্ষুধা ও গণ-উদ্বাস্তু পরিস্থিতির সৃষ্টি করেছে, যা বর্তমান বিশ্বের অন্যতম বৃহৎ মানবিক সংকট হিসেবে চিহ্নিত হচ্ছে।

‘অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গার’, ‘কেয়ার ইন্টারন্যাশনাল’, ‘ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি’ এবং ‘নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল’-সহ কয়েকটি সংস্থার যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর দারফুর ও দক্ষিণ কর্দোফানের মতো এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে শোচনীয়। এসব এলাকার অনেক পরিবার প্রায়ই সারা দিন না খেয়ে কাটিয়ে দিচ্ছেন। এমনকি বেঁচে থাকার তাগিদে অনেক মানুষ গাছের পাতা এবং পশুর খাদ্য গ্রহণ করতে বাধ্য হচ্ছেন।

২০২৬ সালের মানবিক প্রয়োজন ও প্রতিক্রিয়া পরিকল্পনার তথ্য অনুযায়ী, সুদানের মোট জনসংখ্যার প্রায় ৬১.৭ শতাংশ (প্রায় ২ কোটি ৮৯ লাখ মানুষ) বর্তমানে তীব্র খাদ্য অনিরাপত্তার মধ্যে রয়েছেন। গত নভেম্বরে আল-ফাশির এবং কাদুগলি শহরে দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণা দেয় আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলো। ফেব্রুয়ারি মাসে দেখা গেছে, উম বারো ও করনই এলাকায় অপুষ্টির মাত্রা দুর্ভিক্ষের সীমাও ছাড়িয়ে গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই সংকটে নারী ও কিশোরীরা সবথেকে বেশি ঝুঁকিতে রয়েছেন। পানি সংগ্রহ বা বাজারে যাওয়ার পথে তাঁরা নিয়মিত ধর্ষণ ও যৌন হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া নারী প্রধান পরিবারগুলোতে খাদ্য সংকটের ঝুঁকি পুরুষ প্রধান পরিবারের তুলনায় তিন গুণ বেশি।

কৃষক, ব্যবসায়ী এবং ত্রাণকর্মীদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে অভিযোগ করা হয়েছে, যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে বাজার ও কৃষি জমি ধ্বংস করা হচ্ছে। দাতা দেশগুলোর পক্ষ থেকে তহবিলের স্বল্পতার কারণে ত্রাণ সংস্থাগুলো প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদানে হিমশিম খাচ্ছে।

উল্লেখ্য, সুদান সরকার দেশে দুর্ভিক্ষের উপস্থিতির কথা অস্বীকার করলেও মাঠ পর্যায়ের পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।

সূত্র: আল আরাবিয়া উর্দু। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন