ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংবাদিক সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টায় উপাচার্যের কার্যালয়ে সংগঠনের নবগঠিত কমিটির এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, একাডেমিক উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা সমাধান এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপাচার্য। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল পেমেন্ট সিস্টেম এবং নির্মাণাধীন হলগুলো দ্রুত চালু করার বিষয়েও নানা দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা প্রত্যাশা রাখব— নবগঠিত কমিটি বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সাংবাদিকতা করবে। আপনাদের লেখনীর মাধ্যমেই সত্য ফুটে উঠবে। তবে কোনো সংবাদ প্রকাশের আগে অবশ্যই তা ক্রস-চেকিং করে নিবেন।” তিনি আরও যোগ করেন, সাংবাদিকদের ইতিবাচক সমালোচনা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করে।
সাক্ষাৎ ও মতবিনিময় সভায় ইবি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম, সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তুহিন, দপ্তর সম্পাদক এস এম শাহরিয়ার স্বাধীন, কোষাধ্যক্ষ সামিউল ইসলাম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ উপাচার্যকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ