স্বনির্ভর খাল পরিদর্শনে বিসিসি প্রশাসক

স্বনির্ভর খাল পরিদর্শনে বিসিসি প্রশাসক

সাঈদ পান্থ, বরিশাল: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ও ঐতিহ্যের স্মারক 'স্বনির্ভর খাল' পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। 

শুক্রবার (১০ এপ্রিল) বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নে নব-খননকৃত ৪ কিলোমিটার দীর্ঘ এই খালটি পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রশাসক বলেন, “৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে এই খালের খনন কাজ শুরু করেছিলেন, যা এই অঞ্চলের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিল। গত ১৭ বছরের অবহেলায় খালটি মৃতপ্রায় হয়ে পড়লেও বর্তমানে পুনঃখননের ফলে এটি আবার যৌবন ফিরে পেয়েছে। এই খালটি চালু হওয়ায় এই অঞ্চলের কৃষি, মৎস্য উৎপাদন ও কর্মসংস্থানে ব্যাপক পরিবর্তন আসবে।”

তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী এই খালটি রক্ষায় কাজ করে যাচ্ছেন এবং এর মাধ্যমে বরিশালের হারানো ঐতিহ্য আবার ফিরে আসবে।

পরিদর্শনকালে বিএডিসির (BADC) নির্বাহী পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদসহ বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিএডিসির নির্বাহী পরিচালক খালের পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়নে এর গুরুত্ব তুলে ধরেন।

উল্লেখ্য, এর আগে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ জিয়া উদ্দিন হায়দার এবং বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারসহ মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এই খালের খনন কাজ পরিদর্শন করেছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন