ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
হাবিবুল্লাহ্ সরকার, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুর রহমানের বিরুদ্ধে নিজের ছেলে ও সভাপতির ভাগনাকে নিয়োগ দিতে নজিরবিহীন জালিয়াতির অভিযোগ উঠেছে। ভুয়া ম্যানেজিং কমিটি গঠন এবং নিয়োগ কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে গোপনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত বছরের আগস্টে ম্যানেজিং কমিটি গঠনের জন্য প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বেলাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়। অক্টোবর মাসে নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও সুপার আর কোনো পদক্ষেপ না নেওয়ায় কমিটি গঠন সম্ভব হয়নি। অথচ সুপার জালিয়াতির আশ্রয় নিয়ে একটি ভুয়া কমিটি গঠন দেখিয়ে পাঁচটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
চলতি বছরের ২০ মার্চ ঈদের ছুটির আগে তড়িঘড়ি করে দুটি পদে নিয়োগ চূড়ান্ত করা হয়। সুপারের ছেলে মো. শহিদুর রহমানকে ‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর’ এবং ম্যানেজিং কমিটির কথিত সভাপতির ভাগনাকে ‘পরিচ্ছন্নতাকর্মী’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আইনি জটিলতা এড়াতে সুপার নিজে দায়িত্বে না থেকে সহকারী সুপার মো. গোলজার রহমানকে ‘ভারপ্রাপ্ত সুপার’ দেখিয়ে এই নিয়োগ দেন।
তবে নিয়োগ কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধি সুমন্ত চন্দ্র বর্মণ ও সাজ্জাদুর রহমান জানান, নিয়োগ বা কমিটি গঠন বিষয়ে তারা কিছুই জানেন না এবং কোনো কাগজে স্বাক্ষর করেননি। সহকারী সুপার মো. গোলজার রহমানও জানিয়েছেন, প্রতিষ্ঠানে বৈধ কোনো কমিটি নেই এবং তাকে না জানিয়েই ভারপ্রাপ্ত সুপার হিসেবে নাম ব্যবহার করা হয়েছে।
প্রিসাইডিং কর্মকর্তা মো. বেলাল হোসেন স্পষ্ট করে বলেন, "নির্বাচনী তফসিল ঘোষণা হলেও বাকি ধাপগুলো সুপার সম্পন্ন করেননি। ওই মাদ্রাসায় কোনো বৈধ কমিটি নেই।"
এ বিষয়ে অভিযুক্ত সুপার মো. শহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি "কমিটি হয়েছে" দাবি করলেও নিয়োগ সংক্রান্ত প্রশ্নে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। জেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান জানিয়েছেন, কমিটি বিহীন নিয়োগ প্রমাণিত হলে তা বাতিল করা হবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে ল্যাব সহকারী ও অফিস সহায়কসহ আরও তিনটি পদেও এই ভুয়া কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। জালিয়াতির এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ