বিশ্বাস আছে, আলোচনা ইতিবাচক হবে: ভ্যান্স

বিশ্বাস আছে, আলোচনা ইতিবাচক হবে: ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। এই ঐতিহাসিক আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে ওয়াশিংটন থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। 

শুক্রবার (১০ এপ্রিল) সংবাদসংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

আগামীকাল শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুদেশের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যাত্রার প্রাক্কালে জেডি ভ্যান্স সংবাদমাধ্যমকে বলেন, "আমি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশিত গাইডলাইন অনুযায়ী এই আলোচনায় অংশ নিতে যাচ্ছি। আমি আশাবাদী যে ইরানের সাথে এই আলোচনা ইতিবাচক হবে।"

তিনি আরও সতর্কবার্তা দিয়ে বলেন, "যদি ইরানের নেতৃত্ব সদিচ্ছার সাথে আলোচনায় বসতে চায়, তবে যুক্তরাষ্ট্রও খোলা মনে এগিয়ে আসতে প্রস্তুত। কিন্তু যদি ইরান আন্তরিকতা না দেখিয়ে কোনো প্রকার চতুরতার আশ্রয় নেয়, তবে মার্কিন প্রতিনিধি দল ইতিবাচক সাড়া দেবে না।"

পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত এই মেগা ইভেন্টে অংশ নিতে মার্কিন প্রতিনিধি দলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে থাকছেন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার বাকের কালিবাফ অন্তর্ভুক্ত রয়েছেন।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সম্মানিত অতিথিদের স্বাগত জানানোর প্রস্তুতি সম্পন্ন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এই আলোচনার গুরুত্ব বিবেচনা করে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এবং আগত সাংবাদিকদের জন্য ভিসা-মুক্ত যাতায়াত সুবিধা প্রদান করা হবে।

উল্লেখ্য যে, একটি সাম্প্রতিক গ্যালপ জরিপে দেখা গেছে, পাকিস্তানের ৯৩ শতাংশ জনগণ এই যুদ্ধবিরতি ও শান্তি প্রচেষ্টার ক্ষেত্রে সরকারের উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। গোটা বিশ্বের নজর এখন ইসলামাবাদের এই ঐতিহাসিক টেবিলের দিকে।

সূত্র: ডেইলি জং। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন