সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ জনকে উদ্ধার

সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ জনকে উদ্ধার

অনলাইন ডেস্ক: উত্তর আরব সাগরে সংকটে পড়া একটি পণ্যবাহী জাহাজ থেকে বাংলাদেশিসহ মোট ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী। 

শুক্রবার (১০ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, ‘গোল্ড অটাম’ (Gold Autumn) নামক একটি বাণিজ্যিক জাহাজ মাঝ সমুদ্রে বিপদে পড়ে সাহায্যের আবেদন পাঠালে পাকিস্তান নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জাহাজটিতে থাকা ১৮ জন নাবিককে সফলভাবে উদ্ধার করে করাচি বন্দরে নিয়ে আসে।

উদ্ধারকৃত নাবিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও চীন, মিয়ানমার, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং করাচিতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

পাকিস্তান সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটি ঠিক কী ধরনের কারিগরি ত্রুটি বা সমস্যার সম্মুখীন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। তবে বৈরী আবহাওয়ার কারণে জাহাজটি সংকটে পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকল নাবিক এখন সুরক্ষিত আছেন এবং তাদের নিজ নিজ দেশের দূতাবাসকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন