ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
জিয়াবুল হক, টেকনাফ: কক্সবাজারের টেকনাফে একটি মুরগির খামারে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় এই বিশাল মাদকের চালানটি জব্দ করা হয়। তবে অভিযানের আগেই খামারের মালিক নুরুল হোসাইন (৩০) পালিয়ে গেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান দেশে প্রবেশ করে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ডের একটি মুরগির খামারে মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদ পায় টেকনাফ মডেল থানা পুলিশ। সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল নুরুল হোসাইনের খামারে অভিযান চালায়।
অভিযান চলাকালে খামারের ভেতরের একটি ছোট কক্ষে কাঠের স্তূপের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটি তল্লাশি করে ৫০টি প্যাকেটে মোট ৫ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পলাতক নুরুল হোসাইন ওই এলাকার গুরা মিয়ার ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মিয়ানমার সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা এই বিশাল চালানের সাথে একটি শক্তিশালী সিন্ডিকেট জড়িত। পলাতক নুরুল হোসাইনকে প্রধান আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ