অনুমতি না পাওয়ায় শারজাহ ফিরে যাচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

অনুমতি না পাওয়ায় শারজাহ ফিরে যাচ্ছে ‘বাংলার জয়যাত্রা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির সুযোগে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেও ইরানের অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ফলে জাহাজটি পুনরায় আরব আমিরাতের শারজাহ বন্দরের দিকে ফিরে যাচ্ছে। গত বুধবার (৮ এপ্রিল) সকালে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে লাল-সবুজের পতাকাবাহী এই জাহাজটি যাত্রা শুরু করেছিল।

বিএসসি সূত্র জানায়, প্রায় ৪০ ঘণ্টা চলার পর হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছালে ইরানের আইজিআরসি জাহাজটির অনুমতির আবেদন প্রত্যাখ্যান করে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর জাহাজটি নিরাপদ অবস্থানের দিকে যাত্রা শুরু করে। বিষয়টি নিশ্চিত করে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, প্রাথমিকভাবে জাহাজটি অনুমতি না পেলেও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে। বর্তমানে নাবিকদের নিরাপত্তার কথা চিন্তা করে জাহাজটিকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, জাহাজটিতে বাংলাদেশি ৩১ জন নাবিক এবং প্রায় ৩৭ হাজার টন সার রয়েছে। এর আগে জাহাজটি পারস্য উপসাগরে অবস্থানকালীন সময়ে নিকটবর্তী এলাকায় মিসাইল বা ড্রোন হামলার ঘটনায় নাবিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঝুঁকিপূর্ণ এলাকা এড়াতে জাহাজটি নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও জাহাজটি দীর্ঘ সময় অপেক্ষায় ছিল, তবে নাবিকদের প্রয়োজনীয় রসদ, জ্বালানি এবং পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য স্টার লিংক সুবিধা নিশ্চিত করা হয়েছিল।

বর্তমানে হরমুজ প্রণালীতে জাহাজের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে এবং ইরানি কর্তৃপক্ষ প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। ‘বাংলার জয়যাত্রা’ শেষ পর্যন্ত অনুমতি পেলে চার্টারারের চাহিদা অনুযায়ী দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক বা ব্রাজিলের যেকোনো একটি বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন