সলঙ্গায় দুই ডিজেল ব্যবসায়ীর কারাদণ্ড

সলঙ্গায় দুই ডিজেল ব্যবসায়ীর কারাদণ্ড

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করার দায়ে দুই ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায় জেলা প্রশাসনের বিশেষ অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ব্যবসায়ীদের হেফাজত থেকে অবৈধভাবে মজুত রাখা ৭০৯ লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়া ৫ লিটার মবিল, ৮ লিটার সয়াবিন তেল এবং ৪২ লিটার রাইস ব্রাইন তেল উদ্ধার করে প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অনুমোদন ছাড়াই জ্বালানি তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও উচ্চমূল্যে বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে জব্দকৃত ডিজেল পার্শ্ববর্তী একটি অনুমোদিত ফিলিং স্টেশনে বিক্রি করে দেওয়া হয় এবং অন্যান্য মালামাল সংশ্লিষ্ট ম্যানেজারের জিম্মায় রাখা হয়। অভিযানে পুলিশ ও র‍্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত জানান, জনস্বার্থে জ্বালানি তেলের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন