হজযাত্রীদের নিষিদ্ধ পণ্য বহন না করার কঠোর নির্দেশনা

হজযাত্রীদের নিষিদ্ধ পণ্য বহন না করার কঠোর নির্দেশনা

অনলাইন ডেস্ক: ২০২৬ সালের পবিত্র হজ পালন করতে যাওয়া হজযাত্রীদের সৌদি আরবের প্রচলিত আইন মেনে চলার এবং যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (১০ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরবের কঠোর আইন অনুযায়ী হজযাত্রীদের ব্যাগে বা লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং পচনশীল দ্রব্য পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো হজ এজেন্সি বা অন্য কারো প্ররোচনায় প্রলুব্ধ হয়ে এ ধরনের ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এ প্রসঙ্গে বলেন, "অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, বারবার সতর্ক করার পরও কিছু হজযাত্রীর লাগেজে নিষিদ্ধ সামগ্রী পাওয়া যায়। এটি কেবল সংশ্লিষ্ট ব্যক্তির জন্যই বিপদ ডেকে আনে না, বরং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে।" তিনি হজযাত্রীদের পবিত্র হজের গুরুত্ব অনুধাবন করে আরও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান।

ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি) হুঁশিয়ারি দিয়ে বলেন, সৌদি আরবের বিমানবন্দরে তল্লাশির সময় কারও কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে দেশটির আইন অনুযায়ী জেল বা বড় অঙ্কের জরিমানা হতে পারে। এতে হজ পালন করা অনিশ্চিত হয়ে পড়ার পাশাপাশি হজের অনুমতি বাতিলেরও ঝুঁকি থাকে।

উল্লেখ্য, ২০২৬ সালে বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরব যাওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন