নরসিংদীতে ৫০ পিস ইয়াবাসহ ডাক্তার ইসমাইল আল রাজিব গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১৮ অপরাহ্ণ
নরসিংদীতে ৫০ পিস ইয়াবাসহ ডাক্তার ইসমাইল আল রাজিব গ্রেপ্তার
ইয়াবাসহ গ্রেপ্তারকৃত রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইসমাইল আল রাজিব (ফাইল ছবি)।

মো নুরনবী সানি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাইল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (২৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওনাকে আটক করে। পরবর্তীতে শুক্রবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডা. রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ওনাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় একাধিক সূত্রের তথ্যমতে, ডা. রাজিব দীর্ঘদিন ধরেই মাদকের সঙ্গে জড়িত ছিলেন। ওনাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ওনার স্ত্রী ডা. উম্মে হানি একাধিকবার মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানোর উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত ওনাকে ফেরানো সম্ভব হয়নি। অবশেষে পুলিশের অভিযানে তিনি ধরা পড়লেন।

এ বিষয়ে রায়পুরা থানার ওসি মজিবুর রহমান জানান, ৫০ পিস ইয়াবাসহ রাজিব নামে একজনকে আটক করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সরকারি একটি হাসপাতালের দায়িত্বশীল শীর্ষ কর্মকর্তার মাদকসহ গ্রেপ্তারের ঘটনায় পুরো উপজেলায় তীব্র আলোড়ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন