ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুরে হঠাৎ পেট্রোল সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ পরিবহন মালিকরা। উপজেলার অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান জিএন ফিলিং স্টেশনে গত শনিবার থেকে টানা তিন দিন ধরে পেট্রোল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে।
জিএন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার। তেলের জন্য নিয়মিত গাড়ি পাঠানো হলেও সংশ্লিষ্ট ডিপো থেকে তাদের জানানো হয়েছে যে, বর্তমানে তেলের পর্যাপ্ত বরাদ্দ নেই। ফলে বাধ্য হয়ে গত তিন দিন ধরে স্টেশনটির পেট্রোল ইউনিট বন্ধ রাখতে হয়েছে।
উপজেলার আরেকটি পাম্প 'মণিরামপুর ফিলিং স্টেশনে' পেট্রোল পাওয়া গেলেও তা দেওয়া হচ্ছে অত্যন্ত সীমিত আকারে। সেখানে প্রতিটি মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ২০০ টাকার পেট্রোল বরাদ্দ করা হয়েছে। এই সীমাবদ্ধতার কারণে পাম্পটিতে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।
পেট্রোল না পেয়ে অনেক চালককে দীর্ঘ পথ গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। বিশেষ করে অফিসগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন। প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, হঠাৎ করে এই সংকট তৈরি হওয়ায় তাদের স্বাভাবিক কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে। তারা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে এবং মেঘনা পেট্রোলিয়ামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ