সতর্কবার্তার তোয়াক্কা না করে সৌদির বৃহৎ তেলখনিতে ইরানের হামলা

সতর্কবার্তার তোয়াক্কা না করে সৌদির বৃহৎ তেলখনিতে ইরানের হামলা

সৌদি আরবের অন্যতম বৃহৎ তেলের খনি শায়েবাহ অয়েলফিল্ডকে লক্ষ্য করে ফের ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (৯ মার্চ) ভোরের দিকে সৌদির শায়েবাহ তেলখনি লক্ষ্য করে চারটি বিস্ফোরকবাহী ড্রোন ছুড়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রুব আল-খালি মরুভূমির ওপর দিয়ে শায়েবাহ তেলখনির দিকে ধেয়ে আসা ড্রোনগুলো আকাশেই শনাক্ত ও ধ্বংস করা হয়েছে। তেলখনিতে আঘাত হানার আগেই সৌদি আরবের এয়ার ডিফেন্স সিস্টেম সফলভাবে এই হামলা প্রতিহত করেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের জেরে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাঘাঁটি ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। 

গত কয়েক দিনে রিয়াদ ও এর আশপাশের এলাকায় একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এসব হামলার নিন্দা জানিয়ে সৌদি আরব তার ভূখণ্ড, সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে বলে পুনর্ব্যক্ত করেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন