ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ৮ বছরের এক শিশু কন্যাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৮ মার্চ ২০২৬) বিকেলে উপজেলার মামুদনগর ইউনিয়নের পোষ্টকামারী গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজমির হোসেন (১৬) নামের এক মাদকাসক্ত যুবককে আটক করেছে পুলিশ।
নিহত শিশু আয়শা আক্তার ওই গ্রামের হাসেম মিয়ার মেয়ে। নিহতের পরিবার জানায়, দুপুর আড়াইটার দিকে আয়শা বাড়ির পাশে প্রতিবেশী বাহাদুর মিয়ার বাড়ির পেছনে খেলা করছিল। এর ঘণ্টাখানেক পর তার চাচা মো. ফজলু মিয়া মাঠ থেকে কাজ সেরে ফেরার পথে আয়শাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
নিহতের মায়ের দাবি, আয়শার পায়ে রুপার নূপুর ছিল, যা মরদেহ উদ্ধারের সময় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, প্রতিবেশী মাদকাসক্ত আজমির হোসেন নেশার টাকার যোগান দিতে শিশুটির নূপুর ছিনিয়ে নেওয়ার সময় তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
খবর পেয়ে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হাসান জানান:
“মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ