ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

মোঃ বাপ্পি শেখ, ঝিনাইদহ: ঝিনাইদহে বাসে অগ্নিসংযোগ এবং তেল পাম্পে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সাত নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

সোমবার (৯ মার্চ ) রাত দুইটার দিকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন:

  • সাইদুর রহমান, আহ্বায়ক, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

  • আশিকুর রহমান জীবন, সদস্য সচিব।

  • তৌফিক হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

  • অন্তর মাহমুদ, যুগ্ম আহ্বায়ক।

  • আবু হাসনাত তানঈম, আহ্বায়ক, ‘দ্য রেড জুলাই’।

  • হুমায়ন কবির, সদস্য, কেন্দ্রীয় যুব শক্তি। (এছাড়াও আরও একজনকে আটক করা হয়েছে যার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প শ্রমিকদের হামলায় নিরব হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং উত্তেজনার জেরে শহরে বাসে অগ্নিসংযোগ ও পাম্পে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ দাবি করছে, এই নাশকতামূলক কাজে সরাসরি জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।

শনিবারের ওই হত্যাকাণ্ডের ঘটনায় র‍্যাব ইতিমধ্যে তিন পাম্প শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে ছাত্র নেতাদের আটকের পর শহরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশ জানায়, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাটি সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করা হচ্ছে। আটককৃতদের বিষয়ে অধিকতর তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন