ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং স্বল্প খরচে অধিকসংখ্যক যাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্যে যোগাযোগ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রাজধানীর পরিবহন ব্যবস্থার বর্তমান চ্যালেঞ্জ, যাত্রীসেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত থাকা বুয়েটের অধ্যাপক শামসুল হক জানান, আগামী ১৮০ দিনের মধ্যে রাজধানীতে নারীদের জন্য বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) বিশেষ বাস সার্ভিস চালুর পরিকল্পনা নিয়েছে সরকার। এই উদ্যোগ বাস্তবায়িত হলে নারী যাত্রীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত হবে।
আলোচনায় মেট্রোরেলের পাশাপাশি ঢাকার জনবহুল ও নিচু এলাকাগুলোতে 'মনোরেল' চালুর সম্ভাবনা নিয়েও গুরুত্বারোপ করা হয়। নগর পরিকল্পনার অংশ হিসেবে বিকল্প ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
অধ্যাপক শামসুল হক আরও জানান, রাজধানীর ওপর জনচাপ কমাতে ঢাকাকে বিকেন্দ্রীকরণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। এই লক্ষ্য বাস্তবায়নে ঢাকার সঙ্গে অন্যান্য জেলার যোগাযোগ সহজতর করতে দ্রুতগতির ট্রেন (হাই-স্পিড ট্রেন) চালুর বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। একটি আধুনিক ও যানজটমুক্ত তিলোত্তমা নগরী গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ